
রাজধানীর উত্তরায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটওভার ব্রিজের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের হেলপার আহত হয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উত্তরা র্যাব অফিসের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম বেলাল দেওয়ান (৬৭)। তিনি নীলফামারী জেলার জলঢাকা উপজেলার দক্ষিণ পাইটকা পাড়া গ্রামের মো. গজনবী দেওয়ানের ছেলে। আহত হেলপার ওবায়দুর আকন্দের (৫০) অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও আহত হেলপারের ভাষ্যমতে, মহাখালী থেকে গাইবান্ধাগামী একটি যাত্রীবাহী বাস কয়েকজন যাত্রী নিয়ে যাত্রাপথে উত্তরা এলাকায় ব্রিজ থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারায়। এসময় বাসটি ডানদিকে আইল্যান্ডের ওপর উঠে গিয়ে ফুটওভার ব্রিজের খুঁটির সঙ্গে সজোরে আঘাত করে। এতে বাসের যাত্রীরা অক্ষত থাকলেও চালক নিজের আসনে চাপা পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত চালক ও হেলপারকে উদ্ধার করে প্রথমে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চালক বেলাল দেওয়ানকে রাত ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষানিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
No tags found for this post.
মন্তব্য করুন