
সাহসিকতার সাথে ছিনতাইকারীকে আটক করতে গিয়ে গুরুতর আহত ট্রাফিক সহায়তাকারীকে নগদ এক লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী এনডিসি। গতকাল ২৩ অক্টোবর ডিএমপি কমিশনার ট্রাফিক সহায়তাকারীকে এই অর্থ প্রদান করেন। তেজগাঁও ট্র্যাফিক বিভাগ সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট রাত আনুমানিক ০৮.৩০ ঘটিকার সময় মোঃ নাজমুল হুদা গণভবন ক্রসিংয়ে দায়িত্বরত ছিলেন। এ-সময় একজন পুলিশ কর্মকর্তা সাদা পোশাকে রাস্তা পারাপার হতে গিয়ে ছিনতাইকারী কর্তৃক আক্রমণের শিকার হন। ট্র্যাফিক সহায়তাকারী মোঃ নাজমুল হুদা ঘটনাটি প্রত্যক্ষ করলে তিনি উক্ত পুলিশ কর্মকর্তাকে বাঁচানোর জন্য এগিয়ে যান। ছিনতাইকারী মোঃ নাজমুল হুদাকে এলোপাতাড়ি আক্রমণ করে যার ফলে তিনি গুরুতর আহত হন।
ছিনতাইকারীর আক্রমণে নাজমুলের ঠোঁট ছিঁড়ে যায় এবং পাঁচটি দাঁত ভেঙে যায়। তার ঠোঁটে ৩২ টি সেলাই প্রয়োজন হয় এবং পাঁচটি দাঁতের রুট ক্যানেলসহ ক্যাপ পরাতে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার টাকা খরচ পড়ে।
ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী এনডিসি আহত ট্র্যাফিক সহায়তাকারীর চিকিৎসার খোঁজ নেন এবং প্রয়োজনীয় ব্যয়বার বহন করার আশ্বাস দেন। এরই প্রেক্ষিতে গুরুতর আহত ট্র্যাফিক সহায়তাকারী নাজমুলকে চিকিৎসার জন্য নগদ এক লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়।
No tags found for this post.
মন্তব্য করুন