জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ের বোদা উপজেলায় এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ জুলাই) সন্ধ্যায় বোদা শহীদ মিনার চত্বরে আয়োজিত এ পথসভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন বোদা উপজেলা এনসিপির আহ্বায়ক আসাদ শিশির।

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন দলের মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারী। এছাড়া বক্তব্য রাখেন উত্তরাঞ্চলের সমন্বয়ক সারজিস আলম, সদস্য সচিব আখতার হোসেন এমপি, ডা. আতিক মাহমুদ এমপিসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক সংস্কার এবং রাষ্ট্র পরিচালনার বিভিন্ন দিক নিয়ে দলের অবস্থান তুলে ধরেন। এ সময় তাঁরা অভিযোগ করেন, গণভোটের গণরায়কে বিএনপি উপেক্ষা করেছে। বিএনপি বহুদলীয় গণতন্ত্রের কথা বললেও বাস্তবে সেই চর্চার প্রতিফলন দেখা যায় না বলেও তাঁরা মন্তব্য করেন। বক্তাদের ভাষ্য, রাষ্ট্র সংস্কারের উদ্যোগের প্রতি অনীহা থেকেই বিএনপি একদলীয় শাসনব্যবস্থার মানসিকতা লালন করছে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বোদা উপজেলা এনসিপির আহ্বায়ক আসাদ শিশিরকে দলীয় প্রার্থী হিসেবে উপস্থিত জনতার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় নেতারা তাঁর পক্ষে সমর্থন ও ভোট প্রদানের আহ্বান জানান।

পথসভায় এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।