ভোলার মনপুরায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র ও অস্ত্রসহ কুখ্যাত ডাকাত ‘স্বপন বাহিনীর’ প্রধান স্বপনকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, ২১ জুলাই রাত ১১টা থেকে ২২ জুলাই দুপুর ৩টা পর্যন্ত মনপুরা থানাধীন কাজিরচর সংলগ্ন মাছের ঘাট বাজার এলাকায় কোস্ট গার্ড বেইস ভোলা ও আউটপোস্ট মনপুরার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় ওই এলাকা থেকে স্বপনকে আটক করা হয়।

পরে আটক স্বপনের দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় একটি মাছের আড়তে তল্লাশি চালিয়ে একটি দেশীয় একনলা বন্দুক ও আটটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটক স্বপন (৫০) মনপুরা থানার হাজিরহাট এলাকার বাসিন্দা। কোস্ট গার্ডের দাবি, তিনি দীর্ঘদিন ধরে ‘স্বপন বাহিনী’র প্রধান হিসেবে বিভিন্ন সন্ত্রাসী ও ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে বলেও জানা গেছে।

জব্দকৃত অস্ত্র ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কোস্ট গার্ড জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।