রাতের নিস্তব্ধতা ভেঙে তেঁতুলিয়ার এক প্রত্যন্ত গ্রামে চলছিল তাসের আসর। টাকার বিনিময়ে জমে উঠেছিল জুয়ার খেলাও। ঠিক সেই সময়েই সেখানে অভিযান চালায় পঞ্চগড় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে এক ইউপি সদস্যসহ তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’-এর ১৫/১৯(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে পঞ্চগড় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের আতমাগছ গ্রামের একটি বাড়িতে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌড়ে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তাস ও নগদ টাকা দিয়ে জুয়া খেলার অভিযোগে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, পঞ্চগড় সদর উপজেলার গোয়ালঝাড় এলাকার মো. হকিকুল ইসলাম (৪২), তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুর রহমান ওরফে কাতু (৫৫) এবং একই উপজেলার কালিয়ামনি এলাকার মো. ফরিদ হোসেন (৪৮)।

অভিযানকালে ঘটনাস্থল থেকে দুই সেট তাস, নগদ ১ হাজার ২৮০ টাকা, জুয়া খেলার কাজে ব্যবহৃত সাতটি চটের বস্তা এবং চারটি মোটরসাইকেল জব্দ করা হয়। এছাড়া পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও চার থেকে পাঁচজন জুয়াড়ি পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

ঘটনায় তেঁতুলিয়া মডেল থানায় ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’-এর ১৫/১৯(১) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ বিষয়ে পঞ্চগড় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুম বলেন, জুয়া, মাদক ও অন্যান্য অপরাধ দমনে জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।