কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন পিপিএম (বার)-এর দিকনির্দেশনা এবং ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে ভেড়ামারা থানায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. রেজাউল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৮ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছেন।
গত ২২ জুলাই ২০২৬ তারিখে রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, ভেড়ামারা থানাধীন চাঁদগ্রাম গোরস্থান ও ঈদগাহ মসজিদের সামনে পাকা রাস্তার ওপর মাদক কেনাবেচা চলছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে চাঁদগ্রাম এলাকার মৃত বিষু মালিথার ছেলে মো. মোস্তাক মালিথাকে (৪৩) আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ভেড়ামারা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা (নং-২৩, তারিখ: ২২/০৭/২০২৬) রুজু করা হয়েছে। পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।