সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) পৃথক দুটি অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে ৪৪ লাখ টাকার অবৈধ ভারতীয় কারেন্ট জাল, মাদক ও বিড়ি জব্দ করেছে। সোমবার (২৭ জুলাই) বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
​বিজিবি জানায়, গত ২৬ জুলাই ভেড়ামারা উপজেলার বহালবাড়িয়া সড়ক এলাকায় অভিযান চালিয়ে ৫৯০ কেজি অবৈধ কারেন্ট জাল, ২৫টি চায়না জাল ও ২৫ কেজি জালের সুতা জব্দ করা হয়, যার বাজারমূল্য ৪১ লাখ ৮০ হাজার টাকা। পরে স্থানীয় মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া একই দিন ধর্মদাহ মাঠে পৃথক অভিযানে ৫০০ পিস ডেক্সামেথাসন ও সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৯৮ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি জব্দ করা হয়, যার মূল্য ৩ লাখ ৫ হাজার ৩৯০ টাকা।
​সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান দমনে বিজিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।