কুষ্টিয়ার মিরপুরে জ্বালানি হিসেবে ব্যবহৃত বাঁশের পাতার স্তূপের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অবৈধ মাদকসহ লিংকন (৩৮) নামের এক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ঢেপাহাটি গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
মিরপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদুল হক মজুমদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে লিংকনের বাড়ি তল্লাশি করে কেরু কোম্পানির ৬ বোতল দেশি এবং ৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পেশায় সাউন্ড বক্স মেকানিক লিংকন দীর্ঘদিন ধরে গোপনে এই ব্যবসা চালিয়ে আসছিলেন বলে পুলিশ জানিয়েছে।
মিরপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদুল হক মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।