সীমানা ও ভাষার প্রাচীর পেরিয়ে ভালোবাসার টানে ভালোবাসার মানুষের কাছে ছুটে আসার গল্প নতুন নয়। তবে এবার সেই গল্পের কেন্দ্রবিন্দু সিরাজগঞ্জের এনায়েতপুর থানা এলাকার গোপরেখী গ্রাম। সামাজিক যোগাযোগমাধ্যমে গড়ে ওঠা প্রেমের সম্পর্ককে বাস্তবে রূপ দিতে সুদূর মালয়েশিয়া থেকে এক তরুণী উড়ে এসেছেন প্রত্যন্ত এই গ্রামে। এ ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকা জুড়ে এখন চলছে তুমুল আলোচনা ও কৌতুহল।
​স্থানীয় সূত্রে জানা যায়, গোপরেখী গ্রামের এক যুবকের সাথে মালয়েশিয়ান তরুণীর পরিচয় হয় সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে। দীর্ঘদিনের ভার্চুয়াল প্রেম ও ভাব বিনিময়ের পর অবশেষে নিজের ভালোবাসাকে পূর্ণতা দিতে এবং বাংলাদেশে আসার সিদ্ধান্ত নেন ওই তরুণী। আন্তর্জাতিক ফ্লাইট শেষে তিনি সরাসরি সিরাজগঞ্জের এনায়েতপুরে প্রেমিকের বাড়িতে এসে পৌঁছান।
​তরুণীর আগমনের খবর ছড়িয়ে পড়তেই গোপরেখী গ্রামের ওই বাড়িতে উৎসুক জনতার ভিড় জমে যায়। ভিনদেশি বধূ বা অতিথিকে এক নজর দেখতে আশেপাশের গ্রাম থেকেও প্রতিদিন মানুষ আসছেন। ভালোবাসার এই গল্প এখন পুরো এনায়েতপুরের হাটে-বাজারে ও চায়ের দোকানে আলোচনার প্রধান বিষ্যে পরিণত হয়েছে।
​ছেলেটির পরিবারের সদস্যরা জানান, তরুণীকে তারা আন্তরিকতার সাথেই গ্রহণ করেছেন। তাদের পরিবারের পক্ষ থেকে অতিথিকে সম্ভাব্য সব ধরনের আপ্যায়ন ও নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। পরবর্তীতে ধর্মীয় ও আইনি নিয়ম মেনে তাদের বিবাহ সম্পন্ন করা হবে বলেও পারিবারিক সূত্রে ইঙ্গিত দেওয়া হয়েছে।
​এলাকাবাসীর মতে, ভৌগোলিক দূরত্ব বা কালচারাল ব্যবধান যে সত্যিকারের ভালোবাসার কাছে কিছুই নয়, এই ঘটনা যেন আবারও তা প্রমাণ করে দিল। ভিনদেশি এই তরুণীর বাংলাদেশে আসার ঘটনাটি এনায়েতপুরের গোপরেখী গ্রামকে এক মুহূর্তেই স্থানীয় চর্চার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে।