পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের পুটিমারী গ্রামের বাসিন্দারা অভিযোগ করেছেন, পরিবেশগত ছাড়পত্রবিহীন একটি লোহার কারখানার বিরুদ্ধে চলমান আইনি কার্যক্রমকে ভিন্নখাতে প্রবাহিত করতে এবং প্রতিবাদী গ্রামবাসীকে হয়রানির উদ্দেশ্যে মিথ্যা মামলা দায়েরের ষড়যন্ত্র করা হচ্ছে। মঙ্গলবার সকালে সমবায় মার্কেটের ২য় তলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে গ্রামবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মোছাঃ শিলা খাতুন। তিনি অভিযোগ করেন, কারখানার সঙ্গে সংশ্লিষ্ট মর্জিনা বেগম ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে গ্রামবাসীকে ভয়ভীতি প্রদর্শন ও মিথ্যা মামলায় হয়রানি করছেন। সম্প্রতি দায়ের করা একটি মামলায় সেলিম ও আশরাফুল নামে দুইজন কারাগারে রয়েছেন বলেও দাবি করা হয়। গ্রামবাসীর দাবি, পরিবেশ অধিদপ্তরের উচ্ছেদ কার্যক্রম বাধাগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। তারা নিরপেক্ষ তদন্ত, প্রকৃত ঘটনা উদঘাটন এবং নিরীহ গ্রামবাসীকে হয়রানি থেকে সুরক্ষা দেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।