সড়ক দুর্ঘটনা রোধ ও পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে কুষ্টিয়ায় পেশাজীবী গাড়িচালকদের অংশগ্রহণে দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে কুষ্টিয়া পৌর টাউন হল অডিটোরিয়ামে বিআরটিএ কুষ্টিয়া সার্কেলের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের মডিউল অনুযায়ী এ কর্মশালা বাস্তবায়িত হয়।
​বিআরটিএ কুষ্টিয়া সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি.) মুহাম্মদ অহিদুর রহমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে কর্মশালা শুরু হয়। এতে বিআরটিএ খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক (ইঞ্জি.) মো. জিয়াউর রহমান মানবিক ড্রাইভিং ও শিষ্টাচারের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম সড়ক পরিবহন আইন-২০১৮ এবং ট্রাফিক ইন্সপেক্টর কাজী হাসানুজ্জামান ট্রাফিক সাইন ও সংকেত বিষয়ে প্রশিক্ষণ দেন। মোটরযান পরিদর্শক মো. আবুল কালাম আজাদ বিআরটিএ’র বিভিন্ন সেবা ও নিয়মাবলী তুলে ধরেন।
​প্রশিক্ষণে অংশ নেওয়া চালকরা জানান, এমন উদ্যোগ তাদের ট্রাফিক আইন মেনে চলতে ও সচেতন হতে সহায়তা করবে। সড়কে শৃঙ্খলা ফেরাতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।