কুষ্টিয়ার কুমারখালীতে প্রায় ৬ হাজার পিস ইয়াবাসহ রোজিনা পরিবহনের এক বাস সুপারভাইজারকে আটক করেছে র‌্যাব। রোববার (২ আগস্ট) দুপুরে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের ময়েন মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
​আটক হেলাল উদ্দিন (৩৯) কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের মালিয়াট গ্রামের বাসিন্দা। তিনি তিন বছর ধরে ঢাকা-কুষ্টিয়াগামী রোজিনা পরিবহনে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
​র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী থেকে ভ্যানে করে আসার সময় হেলালকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা। আটক হেলালের দাবি, ঢাকা থেকে অপরিচিত এক ব্যক্তি তাকে পার্সেল ভেবে একটি প্যাকেট দিয়েছিলেন।
​কুষ্টিয়া র‌্যাব-১২, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মো. রেজাউল হক আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে র‌্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে।