গ্যাস সংকট নিরসন, বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহার, নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ, দুর্নীতির নিরপেক্ষ তদন্তসহ ১০ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশে স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্য, পঞ্চগড় জেলা শাখা।

বৃহস্পতিবার দুপুরে সংগঠনের নেতৃবৃন্দ পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসক শুকরিয়া পারভীনের হাতে স্মারকলিপি তুলে দেন। তিনি তা গ্রহণ করেন এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রেরণের আশ্বাস দেন।

এর আগে শহরের চৌরঙ্গী মোড় থেকে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠানো হয়।

স্মারকলিপিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, একটি জাতীয়তাবাদী, দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ সময়ের দাবি।

তাদের উত্থাপিত ১০ দফা দাবির মধ্যে রয়েছে, গ্যাস সংকট নিরসনে সময়বদ্ধ কর্মপরিকল্পনা গ্রহণ, অবৈধ গ্যাস সংযোগ বন্ধ করে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, বিদ্যুতের অযৌক্তিক মূল্যবৃদ্ধি প্রত্যাহার, অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায়ের অনিয়ম বন্ধ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, সিন্ডিকেট ও কালোবাজারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, দুর্নীতি ও অনিয়মের নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিচারের আওতায় আনা, নিম্ন আয়ের মানুষের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি বৃদ্ধি, জনসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং জাতীয় সংকট মোকাবিলায় সব রাজনৈতিক দল, আলেম-ওলামা, ব্যবসায়ী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি সর্বদলীয় জাতীয় সংলাপের আয়োজন।

স্মারকলিপিতে আরও বলা হয়, উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়িত না হলে গণতান্ত্রিক ও সাংবিধানিক কর্মসূচির মাধ্যমে আন্দোলন আরও বেগবান করা হবে।

স্মারকলিপিতে ১১ দলীয় ঐক্য, পঞ্চগড় জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ মো. দেলোয়ার হোসাইনের স্বাক্ষর রয়েছে।