একাধিক মামলার আসামি পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য কাজী আল তারেককে দিনাজপুরের বিরামপুর উপজেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাতে পঞ্চগড় সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে বিরামপুর থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
কাজী আল তারেক পঞ্চগড় সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। তিনি সদর উপজেলার রামের ডাঙ্গা এলাকার কাজী শহিদুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, কাজী আল তারেকের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলা সন্ত্রাসবিরোধী আইনসহ দণ্ডবিধির একাধিক ধারায় দায়ের করা হয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার পর থেকেই তাকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একপর্যায়ে তার অবস্থান বিরামপুরে শনাক্ত হলে পঞ্চগড় সদর থানা ও ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পরে বিরামপুর থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে পঞ্চগড়ে আনা হয়। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
পঞ্চগড় সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, কাজী আল তারেকের বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার ভিত্তিতেই তাকে বিরামপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তাধীন মামলাগুলোর অগ্রগতি ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।