শুক্রবার সকালে ছেলের সৌদি আরব যাওয়ার ফ্লাইট। স্বপরিবারে ছেলেকে বিমানবন্দরে বিদায় জানাতে ঢাকায় এসে বৃহস্পতিবার দুপুরে গাজীপুরে এক আত্মীয়ের বাসায় অসুস্থ হয়ে মারা গেছেন লালমোহন প্রেসক্লাবের সিনিয়র কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাংবাদিক মাকছুদ উল্যাহ।

পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকেলে মাকছুদ উল্যাহ পরিবারের সদস্যদের নিয়ে লালমোহন থেকে লঞ্চযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। ঢাকায় পৌঁছে তারা গাজীপুরে এক আত্মীয়ের বাসায় অবস্থান করছিলেন। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাকছুদ উল্যাহর আকস্মিক মৃত্যুতে বিদেশগামী যাত্রী তার ছোট ছেলে আশিকসহ পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার বিকেলে গাজীপুরে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর শুক্রবার সকালে তার মরদেহ নিজ বাড়ি লালমোহনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে।

তবে এই ঘটনার সবচেয়ে হৃদয়বিদারক দিক হলো—শুক্রবার সকালে যখন বাবার মরদেহ গাজীপুর থেকে লালমোহনের পথে রওনা হবে, ঠিক সেই সময়ই ছেলে আশিক সৌদি আরবের উদ্দেশ্যে বিমানে উড়াল দেবেন।

একজন বাবার শেষ গন্তব্য নিজ বাড়ির পথে, আর ছেলের গন্তব্য জীবিকার সন্ধানে সৌদি আরব। একই সময়ে বাবা-ছেলের এই দুই ভিন্ন গন্তব্য পরিবারের শোককে যেন আরও ভারী করে তুলেছে।

মাকছুদ উল্যাহর মৃত্যুতে স্থানীয় সাংবাদিক মহল ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন লালমোহন প্রেসক্লাবের সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}