নারায়ণগঞ্জের রূপগঞ্জে জামদানি শাড়ির নকশায় বৈচিত্র্য আনা ও শাড়িতে রং বিন্যাসের ওপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কারুশিল্প পরিষদ ও জামদানি উদ্যোক্তাদের উদ্যোগে শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত তারাব পৌরসভার দক্ষিণ রূপসী এলাকায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বাংলাদেশ কারুশিল্প পরিষদের সভাপতি চন্দ্র শেখর সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, নির্বাহী সদস্য সাইফুর রহমান, ফাইজা আহমেদ, মো. সজিব ও সদস্য রাসেল মিয়াসহ প্রায় ৬০ জন কারুশিল্পী অংশগ্রহণ করেন।
কর্মশালায় জামদানি শাড়ির নকশায় নতুনত্ব, নকশার বৈচিত্র্য এবং শাড়িতে রঙের সঠিক বিন্যাস নিয়ে আলোচনা ও ব্যবহারিক দিকনির্দেশনা দেওয়া হয়।
কর্মশালা শেষে ৪৫ জন সদস্যকে রেজিস্ট্রেশন সম্পন্ন করে অংশগ্রহণের সনদ প্রদান করা হয়। আয়োজকরা জানান, জামদানি শিল্পের ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি নতুন প্রজন্মের কারুশিল্পীদের দক্ষতা ও সৃজনশীলতা বৃদ্ধিতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।