বিশ্ববিদ্যালয়জীবন থেকেই শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, পেশাগত নেটওয়ার্কিং ও ব্যক্তিগত ব্র্যান্ডিংয়ে দক্ষ করে তুলতে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চে (নিটার) অনুষ্ঠিত হয়েছে বিশেষ ওরিয়েন্টেশন প্রোগ্রাম। অনুষ্ঠানে লিংকডইন কমিউনিটি বাংলাদেশের (এলসিবি) প্রতিনিধিদের সেশনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ।
নিটার বিজনেস অ্যান্ড ইনোভেশন ক্লাবের (এনবিআইসি) আয়োজনে ১৬তম ব্যাচের শিক্ষার্থীদের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, পেশাগত যোগাযোগ এবং অনলাইন প্রফেশনাল পরিচিতি তৈরির বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিটারের পরিচালক অধ্যাপক ড. আশেকুল আলম রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিংকডইন কমিউনিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা মো. আলতাফ হোসেন রাজু এবং এলসিবির উপব্যবস্থাপক (ট্রেনিং ও ডেভেলপমেন্ট) হুমায়ূন রশিদ।
‘লিংকডইন নেটওয়ার্কিং’ বিষয়ে বিশেষ সেশন পরিচালনা করেন এলসিবির প্রতিষ্ঠাতা মো. আলতাফ হোসেন রাজু। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি লিংকডইনে কার্যকর প্রোফাইল তৈরি, পেশাগত সম্পর্ক গড়ে তোলা এবং ক্যারিয়ারের সুযোগ কাজে লাগানোর বিভিন্ন কৌশল তুলে ধরেন। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, নিটারে এটি তাঁর ২৩৩তম সেশন। বর্তমানে লিংকডইন কমিউনিটি বাংলাদেশের সঙ্গে প্রায় ৫২ হাজার অনুসারী যুক্ত রয়েছেন।
শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়জীবনের সুযোগগুলো যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়ে আলতাফ হোসেন রাজু বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে যে সুযোগগুলো আসে, সেগুলোকে ধরে নেওয়ার চেষ্টা করতে হবে। এই সুযোগ ও সময় কখনোই আর ফিরে পাওয়া যায় না।’
এলসিবির উপব্যবস্থাপক (ট্রেনিং ও ডেভেলপমেন্ট) হুমায়ূন রশিদ ‘নেটওয়ার্কিং ও ব্যক্তিগত পরিচিতি’ বিষয়ে আরেকটি সেশন পরিচালনা করেন। তিনি শিক্ষার্থীদের পেশাগত জীবনে পরিচিতি তৈরির গুরুত্ব, কার্যকর নেটওয়ার্ক গড়ে তোলার পদ্ধতি এবং চাকরির প্রতিযোগিতামূলক পরিবেশের জন্য শুরু থেকেই প্রস্তুতি নেওয়ার বিষয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের জারিফ আহমেদ প্রথম, আসফাক অর্ণব দ্বিতীয় এবং ইমতিয়াজ উদ্দিন খান তৃতীয় স্থান অর্জন করেন।
পরে এনবিআইসির কো-মডারেটর রেজাউল ইসলাম লিংকডইন ব্যবহার করে তাঁর ব্যক্তিগত ও পেশাগত জীবনের অভিজ্ঞতা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। সবশেষে অতিথিদের সম্মাননা প্রদান, বিজয়ীদের পুরস্কার বিতরণ ও ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}