গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কুশলনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সীমানা প্রাচীর ও নিরাপত্তাবেষ্টনী না থাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিদ্যালয়টির পাশ দিয়ে ব্যস্ত সড়ক চলে যাওয়ায় যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন অভিভাবক ও স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয় প্রাঙ্গণটি অনেকটাই উন্মুক্ত। সীমানা প্রাচীর ও প্রবেশপথে নিরাপদ গেট না থাকায় গরু-ছাগল অবাধে বিদ্যালয় চত্বরে ঢুকে পড়ছে। এতে মাঠ ও আশপাশের পরিবেশ নোংরা হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও চলাচলেও বিঘ্ন ঘটছে।

অন্যদিকে, বিদ্যালয় ভবনের পাশ দিয়েই স্থানীয়দের চলাচলের ব্যস্ত সড়ক। টিফিন ও ছুটির সময়ে শিক্ষার্থীরা অসাবধানতাবশত সড়কে উঠে পড়লে দ্রুতগতির মোটরসাইকেল, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের সঙ্গে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

এক অভিভাবক বলেন, “সীমানা প্রাচীর না থাকায় শিশুরা সহজেই রাস্তায় চলে যায়। দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার চেয়ে আগেই নিরাপত্তার ব্যবস্থা করা জরুরি।”

স্থানীয়দের দাবি, দুর্ঘটনা এড়াতে দ্রুত বিদ্যালয়ের চারপাশে সীমানা প্রাচীর ও নিরাপদ গেট নির্মাণ, বিদ্যালয় প্রাঙ্গণে গবাদিপশুর প্রবেশ বন্ধ এবং পাশের সড়কে স্পিড ব্রেকার ও সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করা প্রয়োজন।

শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশে পাঠদানের স্বার্থে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেছেন অভিভাবক ও স্থানীয়রা।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}