গাজীপুরের কালিয়াকৈরে শারীরিক প্রতিবন্ধী বৃদ্ধা মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার প্রতিবাদ করায় তিন স্বজনকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ছেলে মুন্সি আব্দুল আলিম ও তার স্ত্রীর বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও এখনো গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।
গত ২৪ সেপ্টেম্বর উপজেলার রায়রাচালা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে আব্দুল আলিম তার প্রতিবন্ধী মায়ের খোঁজখবর ও ভরণপোষণ করতেন না। ঘটনার দিন বৃষ্টির মধ্যে বৃদ্ধা মা বাড়ি থেকে বের হয়ে এলেও তাকে আশ্রয় বা সহযোগিতা করা হয়নি।
এ ঘটনায় প্রতিবাদ করেন আলিমের বোন। এ সময় আলিম ও তার স্ত্রী তার ওপর হামলা করেন বলে অভিযোগ। বড় ভাইয়ের স্ত্রী লিপি বাধা দিতে গেলে তাকেও মারধর করা হয়। পরে মমিনুর ঘটনাস্থলে এসে প্রতিবাদ করলে আলিম ধারালো দা দিয়ে তাকে কোপ দেন বলে অভিযোগ করেন স্বজনরা। এতে মমিনুর, তার স্ত্রী ও লিপি আহত হন।
ভুক্তভোগী পরিবারের দাবি, এর আগেও বৃদ্ধা মাকে মারধর করে হাত ভেঙে দেওয়ার অভিযোগ রয়েছে আব্দুল আলিমের বিরুদ্ধে।
ঘটনার পর কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তবে অভিযুক্তদের বিরুদ্ধে এখনো কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা নিয়ে ভুক্তভোগী পরিবার দ্রুত আইনি পদক্ষেপের দাবি জানিয়েছে। অভিযোগের বিষয়ে অভিযুক্ত আব্দুল আলিমের বক্তব্য পাওয়া যায়নি।