বিশ্ব ভাড়াটিয়া দিবস উপলক্ষে ভাড়াটিয়াদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত, বাড়িওয়ালাদের হয়রানি বন্ধ এবং ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে হেমায়েতপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় হেমায়েতপুর সেন্ট্রাল হাসপাতাল প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে দার্শনিক, লেখক ও অভিনেতা আবুল কালাম দিশারী, তরুণ প্রতিবাদী কণ্ঠস্বর ও টিআইবির ইয়েস পারসন আসিফ ভাড়াটিয়াদের অধিকার ও বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য দেন। বক্তারা ভাড়াটিয়াদের ন্যায্য অধিকার নিশ্চিত, হয়রানি বন্ধ এবং বাড়িওয়ালা-ভাড়াটিয়ার মধ্যে মানবিক ও দায়িত্বশীল সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হেমায়েতপুর সেন্ট্রাল হাসপাতালের চেয়ারম্যান ডা. মোহাম্মদ আবু তাহের মিয়া। তাঁর মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার বিষয়টিও অনুষ্ঠানে তুলে ধরা হয়।
এ সময় বাংলাদেশ নারী উন্নয়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক রাইশা ইসলাম শিল্পী, জাগো বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের জান্নাতুল ফেরদৌস রিমাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ভাড়াটিয়ারা যেন হয়রানি বা বৈষম্যের শিকার না হন, সেজন্য কার্যকর আইন ও নীতিমালা প্রয়োজন। একই সঙ্গে বাড়ির মালিক ও ভাড়াটিয়ার মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতা বজায় রাখার আহ্বান জানান তারা।
কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ নারী উন্নয়ন ফাউন্ডেশন, জাগো বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ সাংস্কৃতিক ইউনিয়ন শিল্পী গোষ্ঠী।