লালমোহন (ভোলা প্রতিনিধি):
ভোলার লালমোহন উপজেলার ফুলবাগিছা গ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা দু’জনই খালাতো ভাই। সোমবার (১৪ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত দুই শিশু হলো—ফুলবাগিছা গ্রামের রাকিবের ছেলে জোনায়েদ (৬) ও আনিচল হক মিয়ার ছেলে শহিদুল (৮)। তারা দু’জনেই স্থানীয় ফুলবাগিছা বাজারের একটি বেসরকারি একাডেমিতে পড়াশোনা করত। জোনায়েদ দ্বিতীয় শ্রেণি ও শহিদুল তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দুপুরে তারা নানা বাড়িতে অবস্থান করছিল। দুপুরের খাবার পর পুকুরে গোসল করতে গিয়ে তারা পানিতে ডুবে যায়। স্থানীয়রা গোসল করতে গিয়ে পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে দ্রুত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জাকিয়া সুলতানা বলেন, “হাসপাতালে আনার আগেই শিশু দু’টির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে দেখা গেছে, তাদের পেটে প্রচুর পানি জমেছে।”
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, নিহত শিশুদের পরিবার থেকে কোনো অভিযোগ করা হয়নি। তাই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।