ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে চাচাতো ভাই-বোনের করুণ মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের চরকাঁলাচাঁদ এলাকার শাহাজাহান মিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—শাহাজাহান মিয়ার ছেলে মিনহাজ (২) ও সোহেল মিয়ার মেয়ে নাফিজা (২)। সম্পর্কে তারা আপন চাচাতো ভাই-বোন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বাড়ির উঠানে খেলছিল দুই শিশু। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে মিনহাজের মা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পুকুরে শিশু দুটির নিথর দেহ ভাসতে দেখে তিনি চিৎকার শুরু করেন। স্থানীয়রা ছুটে এসে শিশু দুটিকে উদ্ধার করে দ্রুত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানান, এলাকায় গভীর পুকুরগুলোর চারপাশে সুরক্ষাব্যবস্থা না থাকায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত সচেতনতা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।