ভোলার লালমোহনে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় মো. আবুল কালাম (৬২) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) সকালে লালমোহন পৌরসভার সওদাগর চৌমুহনী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের মহিষ মারাগো বাড়ির মৃত তোরাব আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে লালমোহন থেকে মঙ্গলশিকদার এলাকায় যাচ্ছিল দুই কিশোর সিয়াম ও হাসিব। তারা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল। সওদাগর চৌমুহনী অতিক্রমের সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ আবুল কালামকে সজোরে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। এতে তিনি গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে রেফার্ড করেন। দুপুরের দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঘটনার বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। ভুক্তভোগীর পরিবার অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়রা জানান, ওই এলাকায় প্রায়ই বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো হয়, যা জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ হয়ে দাঁড়িয়েছে। তারা দ্রুত ট্রাফিক নিয়ন্ত্রণ ও কিশোরদের বেপরোয়া গাড়ি চালানো রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেন।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}