বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, ঢাকা মহানগর পূর্ব শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার (২৯ জুন) রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি মাদ্রাসা-ই-আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাদিক কায়েম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পূর্ব শাখার সেক্রেটারি এবং সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক আসিফ আব্দুল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল হক, শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সাদিক কায়েম বলেন, “বর্তমানে পৃথিবীর গড় তাপমাত্রা দ্রুত বাড়ছে, বরফ গলছে, ঝড়-জলোচ্ছ্বাস, খরা, অনাবৃষ্টির মতো প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা ও তীব্রতা বাড়ছে। এর ভয়াবহ প্রভাব বাংলাদেশেও পড়ছে নদীভাঙন, আকস্মিক বন্যা এবং কৃষিতে বিপর্যয় আমাদের ভবিষ্যতের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।”

তিনি আরও বলেন, “এই জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বড় পরিসরে বনায়ন কর্মসূচি গ্রহণ করতে হবে। আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায়, পরিবেশকে টিকিয়ে রাখতে হলে শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত, বাসাবাড়ি ও রাস্তার পাশের খালি জায়গায় পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করতে হবে।”

সাদিক কায়েম সবাইকে আহ্বান জানিয়ে বলেন, “শুধু ছাত্রশিবির নয়, দেশের প্রতিটি নাগরিককে পরিবেশ রক্ষার এই মহতী উদ্যোগে এগিয়ে আসতে হবে। তাহলেই আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, বাসযোগ্য পৃথিবী রেখে যেতে পারবো।”

অনুষ্ঠান শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}