দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে বাংলাদেশ নৌবাহিনীর ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ভোলার মনপুরায় পরিচালিত এক বিশেষ অভিযানে শিশু বলাৎকারের ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার এবং একটি গুদাম থেকে প্রায় ৭০ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৫ কোটি টাকা।

জানা গেছে, গত ২৮ জুন মনপুরা উপজেলার এক স্থানীয় শিশু যৌন নির্যাতনের শিকার হয়। অভিযুক্ত মো. ইলিয়াস হোসেন (২৮), পেশায় স্থানীয় এক জালের দোকানের ম্যানেজার, কৌশলে শিশুটিকে তার দোকানে নিয়ে নৃশংসভাবে বলাৎকার করে। ঘটনাটি চেপে রাখা হলেও, ভুক্তভোগীর মা ১৭ জুলাই (বৃহস্পতিবার) বাংলাদেশ নৌবাহিনীর মনপুরা কন্টিনজেন্টের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে পরদিন ১৮ জুলাই (শুক্রবার) সন্ধ্যা ৬টার দিকে মনপুরা বাজার এলাকায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. ইলিয়াস হোসেন ও তার সহযোগী হাসান মাস্টারকে গ্রেফতার করা হয়।

এছাড়া, অভিযুক্তদের দোকানের পাশে গোপনে স্থাপিত একটি জালের গুদামে অভিযান চালিয়ে প্রায় ৭০ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরবর্তীতে স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে গোডাউনটি সিলগালা এবং জব্দকৃত জাল জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এই অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর পাশাপাশি মনপুরা থানা পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন। গ্রেফতারকৃত দুই আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মনপুরা থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, দেশব্যাপী মাদক, সন্ত্রাস, অবৈধ জাল ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।