ভোলা ও পটুয়াখালী উপকূলে বিশেষ অভিযানে তিনটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোটসহ ৯ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৬টায় কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকা ভোলার চরফ্যাশনের ডালিরহাট বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ১টি ট্রলিং বোট, ১৫০ মিটার জাল ও একজন জেলেকে আটক করা হয়।

অন্যদিকে বৃহস্পতিবার (৩১ জুলাই) মধ্যরাত ১টায় কোস্ট গার্ড স্টেশন নিজামপুর ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে পটুয়াখালীর কলাপাড়ার আলীপুর আমখোলা এলাকা থেকে ২টি অবৈধ ট্রলিং বোট, ৯টি বেহুন্দী জালসহ ৮ জন জেলেকে আটক করা হয়।

পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করা হয় এবং আটককৃত জেলেদের চরফ্যাশন ও কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}