সাভারের হেমায়েতপুরে পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহতের নাম শাহজাহান (২৮)। তিনি গাইবান্ধার পলাশবাড়ী থানার রামচন্দ্রপুর গ্রামের সামাদের ছেলে এবং সাভারের হেমায়েতপুরের হরিণধরা উত্তরপাড়া এলাকার লিটনের বাড়ির ভাড়াটিয়া ছিলেন।

স্থানীয়রা জানায়, ৯ সেপ্টেম্বর রাতের কোনো একসময় দাম্পত্য কলহের জেরে নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন শাহজাহান। বিষয়টি টের পেয়ে তার স্ত্রী মনোয়ারা বেগম প্রতিবেশীদের খবর দেন। পরে ফাঁসি থেকে নামিয়ে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্ত্রী মনোয়ারা বেগম জানান, তাদের তিন সন্তান রয়েছে। দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। এর জেরেই হয়তো এমন ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, নিয়ম মেনে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।