আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরায় পথসভা করেছেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। রবিবার দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে তিনি স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং পথসভায় বক্তব্য রাখেন।
বক্তব্যে তিনি বলেন,বিগত ১৬ বছর বিএনপি ক্ষমতায় আসার জন্য লড়াই করেনি, সাধারণ মানুষের ভোটাধিকারের জন্য লড়াই করেছে, বিগত সরকারের আমলে সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, তারা গনতন্ত্রকে হত্যা করেছে।বিএনপির অতীত ইতিহাস জেনে সাধারণ মানুষ অবশ্যই বিএনপিকে ভোট দেবে “বিএনপি ক্ষমতায় এলে অন্তর্বর্তী সরকারের সময়ে গৃহীত সব বাজেট ও প্রকল্পের পূর্ণাঙ্গ হিসেব নেওয়া হবে। কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা অস্বচ্ছ ব্যয় ক্ষমা করা হবে না।”
তিনি আরও বলেন, বিগত স্বৈরাচার সরকারের আমলে মানুষের গণত্রান্তিক অধিকার হরণ করা হয়েছে,
জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। বিএনপি জনগণের শক্তিতে ক্ষমতায় এলে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হবে।
নয়ন অভিযোগ করেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের আমলে উন্নয়নের নামে শুধু দুর্নীতি হয়েছে। অথচ দ্বীপাঞ্চল মনপুরার মানুষ এখনও শিক্ষা, স্বাস্থ্য ও যাতায়াত সুবিধা থেকে বঞ্চিত। বিএনপি ক্ষমতায় এলে এ ধরনের এলাকার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে।
পথসভায় নয়ন স্থানীয় যুবসমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “যুবদলই আগামী দিনের পরিবর্তনের অগ্রদূত। যুবকেরাই গণতন্ত্র পুনরুদ্ধারের মূল শক্তি।”
পথসভায় ভোলা জেলা যুবদলের বিভিন্ন নেতৃবৃন্দ, মনপুরা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শত শত নেতা-কর্মী উপস্থিত ছিলেন। নয়নের আগমনে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।