জেলা প্রতিনিধি,লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরে সৌদি আরব প্রবাসী মো. মানিকের বসতঘর আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের স্থানীয় সভাপতি মো. আবুল বাশার ও তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী জান্নাত আক্তার সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের ৮নং ওয়ার্ডে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার।
সংবাদ সম্মেলনে প্রবাসীর স্ত্রী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে আবুল বাশারের সঙ্গে তাদের পারিবারিক দ্বন্দ্ব চলে আসছে। এরই জের ধরে গত ২৩ সেপ্টেম্বর রাতে বাশার ও তার অনুসারীরা ঘরে আগুন ধরিয়ে দেয় এবং মূল্যবান মালামাল লুট করে নেয়। তিনি জানান, আগেও প্রকাশ্যে তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছিল বাশার।
জান্নাত আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “এখন মাটি ছাড়া আর কিছুই নেই। স্বপ্নের ঘরবাড়ি, আসবাবপত্র—সব আগুনে ছাই হয়ে গেছে।”
অভিযোগ অস্বীকার করে বুধবার বিকেলে সংবাদ সম্মেলন করেন আবুল বাশার। সেখানে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার এএসআই ইয়াকুব বলেন, “লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”