রাঙামাটির লংগদু উপজেলার গুলশাখালি ইউনিয়নে যুবদলের এক স্থানীয় নেতার প্রকাশ্যে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হয়েছে। অভিযুক্ত ওই নেতা নুরুল আলম, যিনি গুলশাখালি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হিসেবে পরিচিত।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দিবালোকে জনসম্মুখে নুরুল আলম ইয়াবা সেবন করছেন। ঘটনাটি এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, নেশাগ্রস্ত অবস্থায় তিনি প্রায়ই বাজারে প্রকাশ্যে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং কেউ বাধা দিলে উল্টো হুমকি দেন। এতে বাজারের পরিবেশ ও গ্রামের শান্তি নষ্ট হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
উপজেলা যুবদলের জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন, এর আগেও মাদক সংক্রান্ত অভিযোগে নুরুল আলমকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছিল। তবুও তিনি দলীয় পরিচয় ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
এলাকাবাসী দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করে বলেছেন, এই ঘটনায় যদি কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, তবে তা স্থানীয় তরুণ সমাজে ভয়াবহ প্রভাব ফেলবে।