সুন্দরবনে ভ্রমন শেষে ফেরার পথে দাকোপের ঢাংমারী নদীতে পর্যটকবাহী বোর্ড উল্টে যাওয়ায় নিখোঁজ এক নারী পর্যটকের মৃত দেহ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি বলেন, গত শনিবার (৮ নভেম্বর) ১৪ জন পর্যটক সুন্দরবনের করমজল ভ্রমণের উদ্দেশ্যে জালি বোট যোগে যাত্রা শুরু করে। অতঃপর বোটটি দুপুর ১টায় সুন্দরবনের ঢাংমারি খাল সংলগ্ন এলাকায় পৌঁছালে প্রবল ঢেউয়ে বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয় বোটের সহায়তায় ১৩ জন টুরিস্টকে জীবিত উদ্ধার করা হলেও ১ জনকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরবর্তীতে বোটে থাকা এক ব্যক্তি বিষয়টি কোস্ট গার্ডকে জানান।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হারবারিয়া হতে দুইটি উদ্ধারকারী দল কোস্ট গার্ড বোট যোগে অতিদ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নিখোঁজ পর্যটকের অনুসন্ধানে উদ্ধার অভিযান পরিচালনা করে। চলমান ৩ দিনের ধারাবাহিক অনুসন্ধানের পর আজ সোমবার সকাল ৭টায় কোস্ট গার্ড, মোংলার সাইলো জেটি সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় উক্ত নিখোঁজ পর্যটকের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মৃতদেহ পরবর্তীতে চাঁদপাই নৌপুলিশের নিকট হস্তান্তর করা হয়।

পর্যটকদের সুরক্ষা ও ঝুঁকিমুক্ত ভ্রমণ নিশ্চিতে বাংলাদেশ কোস্টগার্ড এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান কোস্টগার্ডের এ কর্মকর্তা।

Facebook Comments Box
#wpdevar_comment_1 span,#wpdevar_comment_1 iframe{width:100% !important;} #wpdevar_comment_1 iframe{max-height: 100% !important;}