গাজীপুরে গুলি করে বিকাশ ডিস্ট্রিবিউটরের প্রায় তিন কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে
গাজীপুরের শ্রীপুরে অস্ত্রের মুখে বিকাশের কর্মকর্তাদের বহনকারী একটি প্রাইভেটকার থেকে বিপুল পরিমাণ নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় ছিনতাইকারীদের গুলিতে একজন গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন। ছিনতাই হওয়া টাকার পরিমাণ প্রায় তিন কোটি টাকা বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন বিকাশের অ্যাকাউন্টস ম্যানেজার হিমেল, প্রাইভেটকারচালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদ হোসেন। তাঁরা সবাই বিকাশের ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠান ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেডের কর্মকর্তা। গুলিবিদ্ধ হিমেলকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ব্যাংক বন্ধ থাকা ও তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বেতন দেওয়ার চাপ থাকায় নগদ টাকার প্রয়োজন দেখা দেয়। এ কারণে নরসিংদী সদর থেকে বিকাশের ব্যালেন্সের বিপরীতে নগদ টাকা নিয়ে ফিরছিলেন তাঁরা। প্রাইভেটকারটিতে তিনটি প্লাস্টিকের বস্তায় মোট চার কোটি টাকা ছিল।
পথে কর্ণপুর এলাকায় ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গাড়িটির গতিরোধ করে। তারা দেশীয় অস্ত্র দিয়ে গাড়ির কাচ ভেঙে ফেলে এবং একপর্যায়ে অ্যাকাউন্টস ম্যানেজার হিমেলকে গুলি করে। পরে টাকাভর্তি তিনটি বস্তা নিয়ে পালিয়ে যায়। সংশ্লিষ্টদের ধারণা, লুট হওয়া টাকার পরিমাণ প্রায় তিন কোটি টাকা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল ও আহতদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



















