নারায়ণগঞ্জে ১ কোটি ৫০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ: কোস্ট গার্ডের অভিযানে ট্রাকসহ চালক-হেলপার আটক
নারায়ণগঞ্জের ফতুল্লায় শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দকৃত মালামালের বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা বলে জানানো হয়েছে। এ সময় ট্রাকসহ দুইজনকে আটক করা হয়।
বৃহস্পতিবার (২৪ জুলাই ) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাত ২টা থেকে ভোর ৫টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক ফতুল্লা থানাধীন কুতুবপুর সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে একটি সন্দেহজনক ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ৫০ লাখ ২৯ হাজার ৫২ টাকার ভারতীয় শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা এবং কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। আটক করা হয় ট্রাকের চালক ও হেলপারকে।
আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
তিনি আরও বলেন, দেশের রাজস্ব নিরাপত্তা এবং চোরাচালান প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখবে।

















