‘দৈনিক স্বদেশ বিচিত্রা’ পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি মাহমুদুল হাবীব রিপনের ওপর মাদক ব্যবসায়ীর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গাইবান্ধা প্রেসক্লাব।
গণমাধ্যমকর্মী মাহমুদুল হাবীব রিপনের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের চকমামরোজপুর গ্রামে। একই এলাকার সোনা মিয়ার ছেলে মেহেদী হাসান পাপুল ইয়াবা ট্যাবলেটসহ গত ১৫ জুলাই ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়ায় ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়। এ নিয়ে বিভিন্ন পত্রিকা ও অনলাইনে খবর প্রকাশিত হয়। এই সংবাদ প্রকাশের জের ধরে জামিনে মুক্তিপ্রাপ্ত মেহেদী হাসান পাপুল ১৪ আগস্ট সকালে সাংবাদিক মাহমুদুল হাবীব রিপনকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ছুরিকাঘাতের চেষ্টা করে। জীবন বাঁচাতে রিপন দৌড়ে পাশের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। পরে ওইদিন সন্ধ্যায় পাপুল ও তার সঙ্গীরা সাংবাদিক রিপনের বাড়িতে গিয়ে হামলা চালিয়ে ভাংচুর ও জীবননাশের হুমকি দেয়। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় একটি জিডি করা হয়েছে। তবে অভিযুক্ত পাপুল এখনও গ্রেফতার হয়নি। গাইবান্ধা প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি অমিতাভ দাশ হিমুন ও সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা এক বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমর্কীদের নিরাপত্তার জন্য মাদক ব্যবসায়ী মেহেদী হাসান পাপুল অবিলম্বে আইনের আওতায় নেয়ার দাবি জানান।
No tags found for this post.
মন্তব্য করুন