পাওনা টাকা চাওয়ায় দোকানে হামলা-ভাঙচুর, ব্যবসায়ী গুরুতর আহত
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মিজি বাজারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে একটি দোকানে হামলা, ভাঙচুর ও ক্যাশে থাকা টাকা নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দোকানি ইমরান মিজি (৪৫) গুরুতর আহত হয়ে চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটের দিকে ঘটে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মামুন মাঝি (৪০)-এর কাছে ইমরান মিজির ১৯ হাজার ৯৫০ টাকা পাওনা ছিল। প্রায় তিন বছর ধরে ওই টাকা পাওনা রয়েছে বলে দাবি করা হচ্ছে। মামুন মাঝি দীর্ঘদিন ধরে পাওনা টাকা পরিশোধ না করে অন্য দোকান থেকে মালামাল কেনাকাটা করায় ইমরান তার কাছে পাওনা টাকা চাইলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।
এ সময় বাজার ব্যবসায়ী ও স্থানীয় ইউপি সদস্য ফারুক মেম্বার ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত করেন এবং বিষয়টি প্রাথমিকভাবে সমাধান করে দেন বলে স্থানীয়রা জানান।
অভিযোগ রয়েছে, এর কিছুক্ষণ পরই একদল বহিরাগতসহ মামুন মাঝি ও তার ভাইয়েরা দোকানে থাকা ইমরান মিজির ওপর অতর্কিত হামলা চালান। অভিযোগকারীদের দাবি, মামুন মাঝি দক্ষিণ আইচায় ফোন করে ১০ থেকে ১৫ জনকে ডেকে এনে এ হামলা চালান। এ সময় তারা দেশীয় অস্ত্র, লাঠি ও মোটরসাইকেলের চেইন নিয়ে হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় দোকানের ক্যাশ ও বিভিন্ন মালামাল ভাঙচুরের পাশাপাশি ক্যাশ ভেঙে টাকা নিয়ে যাওয়ারও অভিযোগ করা হয়েছে।
হামলায় ইমরান মিজি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। এ ঘটনায় ইসমাইল মেল্লা (৪৭), পিতা—দেলোয়ার হোসেন মোল্লা এবং মহিউদ্দিন হাওলাদার (৪০), পিতা—হানিফ হাওলাদারও আহত হয়েছেন বলে জানা গেছে।
হামলার ঘটনায় বহিরাগত ভুট্টু, মনির, সবুজ এবং মামুন মাঝি (৪০), পিতা—রুহুল খা; বিল্লাল (২২), পিতা—রুহুল খা; রমিজ (২৭), পিতা—রুহুল খা; হেল্লাল (২০), পিতা—রুহুল খাসহ অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
অভিযুক্ত মামুন মাঝির মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এ বিষয়ে এখনো দক্ষিণ আইচা থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। তবে ঘটনার সময় থানায় ফোন করে জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির বলেন, “মৌখিক সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতরা হাসপাতালে ভর্তি আছেন। তারা লিখিত অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



















