এমপি মুজিবুর রহমানের দুঃখ প্রকাশ
নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের এক ঘণ্টার বেশি রোদে দাঁড় করিয়ে রাখার অভিযোগ
গাজীপুরের কালিয়াকৈরের উত্তর লস্করচালা এলাকায় নবীনবরণ অনুষ্ঠানে কোমলমতি শিক্ষার্থীদের এক ঘণ্টারও বেশি সময় তীব্র রোদে দাঁড় করিয়ে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) উত্তর লস্করচালা এলাকায় আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য (এমপি) মুজিবুর রহমান, ভিপি হেলাল উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অভিযোগ রয়েছে, নির্ধারিত সময়ের আগেই শিক্ষার্থীদের অনুষ্ঠানস্থলে এনে মঞ্চের সামনে খোলা মাঠে দাঁড় করিয়ে রাখা হয়। প্রচণ্ড রোদ ও গরমের মধ্যে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে গিয়ে কয়েকজন শিক্ষার্থী ক্লান্ত ও অসুস্থ হয়ে পড়ে বলে স্থানীয়রা জানান। এ সময় শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত ছায়া, বসার জায়গা কিংবা বিশ্রামের ব্যবস্থা ছিল না বলেও অভিযোগ করা হয়েছে।
অনুষ্ঠান শেষে বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হলে সংসদ সদস্য মুজিবুর রহমান ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করেন এবং উপস্থিত সবার কাছে ক্ষমা চান।
এদিকে, অভিভাবক ও সচেতন মহল বলছেন, শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে যেকোনো অনুষ্ঠানে আগেই পর্যাপ্ত ছায়া, বসার ব্যবস্থা ও বিশ্রামের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।
তাদের দাবি, ভবিষ্যতে কোনো রাজনৈতিক, সামাজিক বা শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে প্রটোকল কিংবা আনুষ্ঠানিকতার নামে কোমলমতি শিক্ষার্থীদের দীর্ঘ সময় রোদে দাঁড় করিয়ে রাখা যেন না হয়। আয়োজকদের শিশুদের স্বাস্থ্য ও স্বাচ্ছন্দ্যের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান তারা।




















