বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী
বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে তিন দিন ধরে ভাসতে থাকা ‘এফবি আল আমিন’ নামের একটি মাছ ধরার বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।
নৌবাহিনী সূত্রে জানা যায়, গত ২৩ আগস্ট রাতে টহলরত নৌবাহিনী জাহাজ বানৌজা কপোতাক্ষ বঙ্গোপসাগরে একটি মাছ ধরার বোট ইঞ্জিন বিকল হয়ে ভাসমান থাকার খবর পায়। খবর পাওয়ার পরপরই নৌবাহিনী উদ্ধার অভিযান শুরু করে।
পরদিন সকালে প্রচণ্ড ঢেউ ও বৈরী আবহাওয়ার মধ্যেও মোংলা ফেয়ারওয়ের কাছাকাছি বোটটির অবস্থান শনাক্ত করা হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে ইঞ্জিন বিকল অবস্থায় ভাসতে থাকা ‘এফবি আল আমিন’ বোট ও এর ১৬ জেলেকে উদ্ধার করা হয়।
উদ্ধারকালে বিপদগ্রস্ত জেলেদের প্রয়োজনীয় খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
উদ্ধার হওয়া জেলেদের বরাত দিয়ে জানা যায়, গত ১৯ আগস্ট বাগেরহাটের শরণখোলা এলাকা থেকে ১৬ জন জেলে মাছ ধরার উদ্দেশ্যে ‘এফবি আল আমিন’ নিয়ে সমুদ্রে যান। সমুদ্রে যাওয়ার দুই দিন পর বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর প্রায় তিন দিন ধরে তারা সাগরে ভাসমান অবস্থায় ছিলেন।
পরে উত্তাল সাগর ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেই নৌবাহিনীর জাহাজ বানৌজা কপোতাক্ষ বোটটিকে টেনে সুন্দরবনসংলগ্ন হিরণ পয়েন্টে নিরাপদে নিয়ে আসে। সেখানে বোটসহ ১৬ জেলেকে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।
সমুদ্রে বিপদগ্রস্ত জেলে ও নৌযানকে দ্রুত উদ্ধার করে নিরাপদে তীরে পৌঁছে দেওয়ার এ ঘটনাকে বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বশীলতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।

















