
দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট পশ্চিমে বিজেপির মিথ্যাচার ও কেন্দ্রীয় সরকারের বিভ্রান্তিমূলক নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও মগরাহাট পশ্চিমের বিধায়ক জননেতা গিয়াসউদ্দিন মোল্লা।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে মগরাহাট পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত এক দলীয় সভায় তিনি বলেন, “২০১১ সালে বামফ্রন্টকে পরাজিত করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতায় আসে। সেই সময় থেকেই পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে চক্রান্ত শুরু করে বিজেপি ও তাদের সহযোগীরা। কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি এবং সব বাধা দূরে সরিয়ে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “আমাদের মধ্যে কিছু অভ্যন্তরীণ সমস্যা থাকলেও তা সমাধান করে ২০২৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক ব্যানার্জির নেতৃত্বে নতুন বাংলা গড়ার লক্ষ্যে এগিয়ে যাবো। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার এটাই সময়।”
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়দেব হালদার, পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মধক্ষ্য জাহাঙ্গীর খান, জেলা পরিষদের সদস্য নুর খাতুন বিবি, ব্লক তৃণমূল নেতা ডা. সাজিদুল হক গায়েন, উস্তি ব্লক উন্নয়ন বোর্ডের সদস্য রহমাতুল্লাহ লস্কর, দিলীপ মণ্ডল, সাবির হোসেন পুরকায়স্থ, ফিরোজ উদ্দিন পুরকায়স্থ, আব্দুর রহমান মোল্লা ওরফে ভুলো প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের স্পিকার মুজিবুর রহমান মোল্লা। সভায় ১১টি অঞ্চলের প্রধান, উপপ্রধান ও তৃণমূলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
No tags found for this post.
মন্তব্য করুন