মরণফাঁদে ভাওয়াল মির্জাপুরের সরু সড়ক, ঝুঁকিতে শত শত শিক্ষার্থী
গাজীপুর সিটি কর্পোরেশনের ভাওয়াল মির্জাপুর বাজারের সরু ও জরাজীর্ণ সড়কটি দিন দিন মরণফাঁদে পরিণত হচ্ছে। সড়কটির পাশে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজী জমির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও একটি কলেজ। প্রতিদিন এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী ঝুঁকি নিয়ে সড়ক দিয়ে চলাচল করছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। পাশাপাশি সড়কটি অপ্রশস্ত হওয়ায় দুটি যানবাহন পাশাপাশি চলাচল করলেই তৈরি হচ্ছে তীব্র যানজট। ফলে শিক্ষার্থী ও পথচারীদের পাশাপাশি দূরপাল্লার যাত্রীদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এই সড়ক দিয়ে ঢাকা, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন অঞ্চলের আন্তঃজেলা ও দূরপাল্লার যানবাহন চলাচল করে। যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকছে যানবাহন। এতে কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি জরুরি রোগীবাহী অ্যাম্বুলেন্সও দুর্ভোগে পড়ছে বলে জানান স্থানীয়রা।
শিক্ষার্থীদের নিরাপদ চলাচলের জন্য দ্রুত ফুটপাত নির্মাণ, সড়কটি সংস্কার ও প্রশস্তকরণ এবং যানজট নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ চান তারা।












