খুলনার দাকোপে প্রতিকূল আবহাওয়ায় গর্ভবতী নারীর পাশে কোস্ট গার্ড
প্রতিকূল আবহাওয়ার মধ্যে খুলনার দাকোপে এক গর্ভবতী নারীকে চিকিৎসা সহায়তা দিয়ে প্রশংসনীয় ভূমিকা রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার (৩০ মে ২০২৫) সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপের কারণে নদীপথে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। এতে উপকূলীয় ও অভ্যন্তরীণ নৌপথে সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়।
এ অবস্থায় ২৯ মে বৃহস্পতিবার বিকাল ৪টা ৪০ মিনিটে খুলনার দাকোপ উপজেলার কালাবগি গ্রামের এক গর্ভবতী নারী শরীফা বেগম (২৮) প্রসবব্যথায় আক্রান্ত হন। জরুরি চিকিৎসা প্রয়োজন হলে তার পরিবারের সদস্যরা নলিয়ান কোস্ট গার্ড স্টেশনে যোগাযোগ করেন।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই স্টেশন কমান্ডারের নির্দেশে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে একটি উদ্ধারকারী বোট পাঠানো হয়। কোস্ট গার্ড দ্রুত ব্যবস্থা নিয়ে শরীফা বেগমকে কালাবগি এলাকা থেকে নিরাপদে চালনা ঘাট হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দাকোপে পৌঁছে দেয়।
কোস্ট গার্ডের এই সময়োচিত পদক্ষেপে প্রসবব্যথায় কাতর শরীফা বেগম নিরাপদে হাসপাতালে পৌঁছাতে সক্ষম হন এবং পরবর্তীতে তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন। মা ও সন্তান উভয়েই সুস্থ আছেন বলে জানা গেছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে আরও জানানো হয়, উপকূলীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক সহায়তা প্রদানেও তারা সদা প্রস্তুত রয়েছে। এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



















