ঘূর্ণিঝড় “শক্তি”-তে ক্ষতিগ্রস্ত ভোলার কলাতলীতে ১০০ পরিবারকে কোস্ট ফাউন্ডেশনের নগদ সহায়তা
ঘূর্ণিঝড় “শক্তি”-র প্রভাবে ক্ষতিগ্রস্ত ভোলা জেলার মনপুরা উপজেলার কলাতলী ইউনিয়নের ১০০ অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ কার্যক্রম শুরু করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন।
সংস্থার Collective Humanitarian Assistance in Remote (CHAR) Response প্রকল্পের আওতায় প্রতিটি পরিবারকে ৬,০৯০ টাকা করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সহায়তা দেওয়া হচ্ছে। মোট ৬ লাখ ৯ হাজার টাকা বিতরণ করা হবে, যার অর্থায়নে রয়েছে স্টার্ট ফান্ড বাংলাদেশ।
আজ প্রথম ধাপে ৩০টি পরিবারকে নগদ-এর মাধ্যমে এই সহায়তা প্রদান করা হয়। পর্যায়ক্রমে যাচাই-বাছাই শেষে আরও ৭০টি পরিবারকে এই সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ঘূর্ণিঝড়টি গত ২৮ মে ২০২৫ তারিখে আঘাত হানে এবং এর ফলে কলাতলীর বিভিন্ন গ্রাম ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্তদের তালিকা যাচাই-বাছাই শেষে এ অর্থ বিতরণ কার্যক্রম শুরু করা হয়।
নগদ সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোস্ট ফাউন্ডেশনের কর্মকর্তারা, তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মো. ইউনুছ, খোকন চন্দ্র শীল, ফজলুর রহমান ও মাকসুদুর রহমান।
এর আগেও কোস্ট ফাউন্ডেশন স্টার্ট ফান্ড বাংলাদেশের সহায়তায় কলাতলীর সাধারণ মানুষের চলাচলের সুবিধার্থে রাস্তা ও সাঁকো নির্মাণ করেছে। এছাড়া, গত বছরও তারা নগদ টাকা ও খাদ্যসামগ্রী বিতরণ করে দুর্গত পরিবারগুলোর পাশে দাঁড়ায়।
কোস্ট ফাউন্ডেশন জানিয়েছে, এই প্রকল্পের আওতায় কলাতলী ইউনিয়নে ক্ষতিগ্রস্তদের প্রয়োজন অনুযায়ী আরও উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।



















