তারেক রহমানের নির্দেশে মনপুরায় যুবদলের শুকনো খাবার বিতরণ
ভোলার মনপুরায় ঘূর্ণিঝড় ‘শক্তি’র প্রভাবে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শুকনো খাবার বিতরণ করেছে মনপুরা উপজেলা যুবদল।
গত বৃহস্পতিবার ভয়াবহ জলোচ্ছ্বাসে মনপুরা উপজেলার মূল ভূখণ্ড ও চরাঞ্চলের বহু এলাকা প্লাবিত হয়। পানিবন্দি হয়ে পড়ে হাজারো মানুষ। ভেসে যায় গৃহপালিত পশুপাখি, ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি ও কৃষিজমি।
বিপর্যয়ের এই সময় বিএনপির সিনিয়র নেতাদের আহ্বানে সাড়া দিয়ে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের পক্ষে মনপুরা উপজেলা যুবদলের নেতাকর্মীরা শুকনো খাবার বিতরণে অংশ নেন। দুর্গত মানুষের হাতে তুলে দেওয়া হয় মুড়ি, চিড়া, গুড়, বিস্কুট, খাবার স্যালাইনসহ প্রয়োজনীয় সামগ্রী।
মুঠোফোনে ক্ষতিগ্রস্তদের উদ্দেশে নুরুল ইসলাম নয়ন বলেন,
“আমি সবসময় মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়িয়েছি। এই সংকটেও আমরা একসাথে লড়াই করে জয়ী হব ইনশাআল্লাহ। আপনাদের নিরাপদ থাকা ও দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার জন্য আমি দোয়া করছি। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ও সাহস দিন।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের নেতা ইলিয়াস, ছিদ্দিক মোল্লা, নাসির উদ্দীন, আলাউদ্দিন, শাখাওয়াত, নয়ন, কামাল প্রমুখ।
স্থানীয়রা যুবদলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনকেও দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।



















