বাঘাইছড়িতে ৪২ পরিবারের জন্য সৌরশক্তি চালিত নিরাপদ পানি সরবরাহ প্রকল্প উদ্বোধন
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা এরিয়ার চেয়ারম্যান পাড়া ডব্লিউসিআরসিতে জলবায়ু সহনশীল CoRLIA প্রকল্পের আওতায় ৪২ পরিবারের জন্য নিরাপদ খাবার পানি সরবরাহ প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ ১৪ই সেপ্টেম্বর (সোমবার) সকালে সৌর শক্তির ব্যবহারের মাধ্যমে খাবার পানি সরবরাহের জন্য স্থাপিত ডিপ টিউবওয়েলটি ফিতা কেটে উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব বিল্টু চাকমা।
আরও উপস্থিত ছিলেন CoRLIA প্রকল্পের জেলা কর্মকর্তা সুকিরন চাকমা, টেকনিক্যাল অফিসার শিখা চাকমা এবং বাঘাইছড়ি ও লংগদু উপজেলায় দায়িত্বরত ফ্যাসিলিটেটর মোঃ তৌহিদুল ইসলাম খেদারমারা ডব্লিউসিআরসি সভাপতি সুজাতা চাকমা ও সাধারণ সম্পাদক নাজমা আক্তারসহ স্থানীয় উপকারভোগী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে বিল্টু চাকমা বলেন, “পানির অপর নাম জীবন। আমাদের শারীরিকভাবে সুস্থ থাকার জন্য নিরাপদ পানি পান করতে হবে। CoRLIA প্রকল্পের এমন উদ্যোগকে সাধুবাদ জানাই। এমন মহৎ কাজে আমি সর্বদা সহযোগিতা করে যাব। আগামীতেও যেন আরও পরিবার এই সুবিধার আওতায় আসে।”
উল্লেখ্য, প্রকল্পটি বাস্তবায়নে রয়েছে CoRLIA প্রকল্প, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ। এটি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও UNDP এর যৌথ উদ্যোগে পরিচালিত ERRD-CHT (Ecosystem Restoration and Resilient Development in Chittagong Hill Tracts) প্রকল্পের একটি অংশ, যার সহযোগিতায় রয়েছে কানাডা সরকার। এই প্রকল্পের মাধ্যমে চেয়ারম্যান পাড়ার ৪২টি পরিবার এখন থেকে নিরাপদ সুপেয় পানি পাবে।
এসময় স্থানীয় উপকারভোগী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এই প্রকল্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এমন জনস্বাস্থ্য ও জনবান্ধব প্রকল্প আমাদের দীর্ঘদিনের পানির কষ্ট দূর করবে। সংশ্লিষ্ট সকলকে আমরা ধন্যবাদ জানাই।”

















