তজুমদিনে মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
ভোলার তজুমদ্দিন উপজেলায় মুসলমানদের উপর চলমান নির্যাতনের প্রতিবাদে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টায় চর মোজাম্মেল মুক্তিযোদ্ধা বাজার থেকে শুরু হয়ে এই বিক্ষোভ মিছিল দুলাল বাজারে গিয়ে শেষ হয়। মিছিলটি দীর্ঘ সময়জুড়ে চলতে থাকে এবং দুপুর ১২টায় দুলাল বাজারে গিয়ে এক প্রতিবাদ সভায় রূপ নেয়।
এ বিক্ষোভে অংশগ্রহণ করেন এলাকার হাজারো সাধারণ মানুষ, বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। দুলাল বাজারে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তারা মুসলমানদের উপর চলমান নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান এবং অবিলম্বে এ ধরনের অমানবিক কর্মকাণ্ড বন্ধের দাবি জানান।
সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট আলেম মাওলানা জিহাদী, মাওলানা রিয়াজুল ইসলাম, মাওলানা ইমাম উদ্দিন, মাওলানা রাশেদ উদ্দিন,মাওলানা জুবায়ের মাওলানা ইউসুফা জামিল এবং সমাজসেবক সোলাইমান, শাহাবুদ্দিন ও ডা. আলাউদ্দিন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “মানবতার নামে যদি নির্যাতন হয়, তবে তা মানবতা নয়, বর্বরতা। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।” তাঁরা দেশবাসীকে সচেতন ও সংগঠিত হওয়ার আহ্বান জানান, যেন মানবতার পক্ষে শক্ত অবস্থান নেওয়া যায় এবং নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো যায়।



















