রাঙ্গামাটির বাঘাইছড়িতে “খেদারমারা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র” এর চিকিৎসা ও সেবার মান নিয়ে খেদারমারাবাসী উদ্বেগ প্রকাশ করছেন।
এলাকাবাসীর এমন উদ্বেগের কারণ- জনসংখ্যাবহুল এলাকায় একটি মাত্র স্বাস্থ্য কেন্দ্র তাও ডাক্তার ছাড়া।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রুনা চাকমা ( পরিবার কল্যান পরিদর্শিকা) ছাড়া পুরো প্রতিষ্ঠান জুড়ে আর কোনো স্টাফ নেই।
ভদ্রমহিলার (রুনা চাকমা) কাছে জানতে চাইলে তিনি বলেন, আগে যিনি ছিলেন ডাঃ জালাল উদ্দিন, ভদ্রলোক ২০১৯ সালে রিটায়ার্ড করার পর এই প্রতিষ্ঠানে আর কোনো ডাক্তার আসেনি। পিওন ও নৈশ প্রহরী ছিল তারাও একে একে বদলি হয়ে চলে গেছে।
তিনি আরও বলেন, এই এলাকায় বেশিরভাগ মানুষ খেটে খাওয়া। টাকার অভাবে ভালো চিকিৎসা করাতে পারছেন না। এই পরিবার কল্যান কেন্দ্রে একজন ডাক্তার থাকলে সাধারণ মানুষগুলো ভালো চিকিৎসা পেত।
তিনি বলেন, প্রতি মাসে একবার সরকারি ঔষধ সরবরাহ করা হয়। চাহিদা অনুযায়ী বিতরন করা হয়। গর্ভবতী মায়ের ভালো চিকিৎসার জন্য উপজেলা অথবা জেলায় নিয়ে যেতে হয় যাহা খুবই কষ্টের।
তাছাড়া হাসপাতালের আশেপাশের পরিবেশও অস্বাস্থ্যকর বলে তিনি মন্তব্য করেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে এলাকাবাসী বলেন, আমাদের এলাকার সিংহভাগ মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত। পরিবেশের ভারসাম্য রক্ষা করার পাশাপাশি আধুনিক ভবন নির্মান ও অত্যাধুনিক চিকিৎসার ব্যবস্থা করা হোক। এতে হাজারো মানুষের মনে স্বস্তি ফিরে আসবে।
No tags found for this post.
মন্তব্য করুন