অপরাধ

আদালত প্রাঙ্গণে নারীকে মারধর, কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ

  admin ৩১ জুলাই ২০২৬ , ৮:২৪ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

৪৩০

রাজধানীর কোতোয়ালি থানাধীন আদালত প্রাঙ্গণে এক নারীকে মারধর, শারীরিক নির্যাতন ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন লামিয়া আক্তার মেঘলা (২৪)।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত ২৭ জুলাই ঢাকার সিএমএম আদালতে একটি মামলার শুনানি শেষে আদালত চত্বর থেকে বের হওয়ার সময় পূর্ববিরোধের জেরে অভিযুক্তরা তার ওপর হামলা চালান। অভিযোগ অনুযায়ী, আদালত প্রাঙ্গণের বাইরে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারা হয়। এ সময় তার সঙ্গে থাকা স্বজনদেরও হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগীর দাবি, হামলায় তিনি গুরুতর আহত হন এবং পরে তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগে আরও বলা হয়েছে, হামলার ঘটনায় তার গর্ভের দুই মাসের সন্তান নষ্ট হয়ে যায়।

ঘটনার পর পারিবারিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান না হওয়ায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান লামিয়া আক্তার মেঘলা।

তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। কোতোয়ালি থানা জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box