তজুমদ্দিনে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, থানায় অভিযোগ দায়ের
ভোলার তজুমদ্দিনে বেসরকারি টেলিভিশন চ্যানেল এস-এর প্রতিনিধি ও তজুমদ্দিন প্রেসক্লাবের সদস্য ফারহান-উর-রহমান সময়ের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক তজুমদ্দিন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
বুধবার (২৮ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চাচড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডে তারা গাজী হাওলাদারের দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, সাংবাদিক ফারহান-উর-রহমান সময় দোকানটির সামনে অবস্থানকালে হঠাৎ গিয়াসউদ্দিন নামে স্থানীয় এক ব্যক্তি দলবলসহ সেখানে উপস্থিত হন এবং এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গিয়াসউদ্দিন ও তার সহযোগীরা লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।
সাংবাদিক সময় জানান, হামলাকারী গিয়াসউদ্দিন আওয়ামী লীগের পরিচিত মুখ হলেও বর্তমানে নিজেকে বিএনপি কর্মী পরিচয় দিয়ে বিভ্রান্তি তৈরি করছেন।
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাব্বত আলী বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তজুমদ্দিন প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।




















