জাতীয়

নির্বাচন ও গণভোট ঘিরে রংপুর বিভাগে র‍্যাব-১৩’র নিরাপত্তা প্রস্তুতি

  admin ১১ ফেব্রুয়ারি ২০২৬ , ৫:৩৭ অপরাহ্ণ প্রিন্ট সংস্করণ

৪৫৩

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রংপুর বিভাগজুড়ে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতির কথা জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩।

বুধবার (১১ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিটে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক বিশেষ মিডিয়া ব্রিফিংয়ে র‍্যাব-১৩ তাদের সার্বিক নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরে।

ব্রিফিংয়ে জানানো হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন ও গণভোটে রংপুর বিভাগের ৩৩টি আসনের মধ্যে র‍্যাব-১৩ এর দায়িত্বাধীন ৩২টি আসনে মোট ৪ হাজার ৬২০টি ভোটকেন্দ্রে নিরাপত্তা প্রদান করবে বাহিনীটি।

নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকবে ৬৪টি টহল দল, দুটি স্ট্রাইকিং রিজার্ভ টিম, একটি বোম্ব ডিসপোজাল ইউনিট এবং সাদা পোশাকে র‍্যাব সদস্যরা। পাশাপাশি ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্বক্ষণিকভাবে টহল ও স্ট্রাইকিং টিমের কার্যক্রম তদারকি করবেন।

র‍্যাব-১৩ জানায়, ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে। কন্ট্রোল রুম থেকে টিমগুলোর লাইভ লোকেশন পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে। এছাড়া মিডিয়া মনিটরিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধেও সক্রিয় থাকবে বাহিনীটি।

আধুনিক প্রযুক্তি, গোয়েন্দা তথ্য ও “সুরক্ষা” অ্যাপের তথ্য বিশ্লেষণের ভিত্তিতে যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে প্রস্তুত রয়েছে র‍্যাব-১৩। জনগণ যাতে নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বাহিনীটি কঠোর অবস্থানে থাকবে বলে ব্রিফিংয়ে জানানো হয়।

মিডিয়া ব্রিফিংয়ে স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।

Facebook Comments Box