বোরহানউদ্দিনে চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বেনামী অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের মাতাব্বর বাড়ির শতাধিক নারী-পুরুষ এ কর্মসূচিতে অংশ নেন।
স্থানীয় সূত্র জানায়,সম্প্রতি ইউনিয়নের মাতাব্বর বাড়ির সৈয়দ আহমেদ মাতাব্বরের আট ছেলে এবং জালাল আহমেদ মাতাব্বরের দুই ছেলের বিরুদ্ধে ভোলা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে একটি চাঁদাবাজির অভিযোগ দায়ের করা হয়। এতে তাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ আনা হয়। বিষয়টি এলাকায় জানাজানি হলে ক্ষোভ সৃষ্টি হয়।
এরই প্রতিবাদে দুপুরে এলাকাবাসী প্রথমে একত্রিত হয়ে মানববন্ধন করেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। কর্মসূচিতে বক্তারা বলেন, “মাতাব্বর বাড়ির ছেলেদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”
বক্তারা আরও বলেন, একটি কুচক্রী মহল ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এই অভিযোগের মাধ্যমে সামাজিকভাবে মাতাব্বর পরিবারকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে। তারা এ ধরনের অপপ্রচার বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে অংশ নেওয়া কয়েকজন নারী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এই পরিবারটি এলাকায় সুনামের সঙ্গে বসবাস করছে। তাদের বিরুদ্ধে হঠাৎ করে এমন বেনামী অভিযোগ মেনে নেওয়া যায় না।
এ সময় এলাকাবাসী অবিলম্বে মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে যারা এই অভিযোগের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আহ্বান জানান স্থানীয়রা।



















