ভোলার ইলিশায় কোস্ট গার্ডের অভিযানে ৪৫ কেজি হরিণের মাংসসহ ২ পাচারকারী আটক
ভোলার ইলিশা এলাকায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৪৫ কেজি হরিণের মাংসসহ দুইজন পাচারকারীকে আটক করা হয়েছে। বুধবার (২৮ মে ২০২৫) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন ইলিশার একটি টিম এ অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, মধ্যরাতে ইলিশা লঞ্চঘাট সংলগ্ন এলাকায় ঢাকা গামী যাত্রীবাহী লঞ্চ তাশরীফ-১ তল্লাশি চালিয়ে হরিণের মাংস পাচারের সময় দুই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃতরা হলেন—ভোলা জেলার মনপুরা উপজেলার ২নং হাজির হাট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মো. রাফেজ (৪১) এবং মো. মাকসুদুর রহমান (৩৫)।
জব্দকৃত মাংস এবং পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
এ বিষয়ে কোস্ট গার্ডের একজন কর্মকর্তা জানান, “দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। এর ফলে উপকূলীয় এবং নদীতীরবর্তী অঞ্চলে অপরাধ দমন অনেকাংশে সম্ভব হয়েছে। ভবিষ্যতেও কোস্ট গার্ডের এমন অভিযান অব্যাহত থাকবে।”




















